আক্রমণ আর পাল্টা আক্রমণে জমজমাট লড়াই হলো ম্যাচজুড়ে। দুই দল মিলে করল পাঁচ গোল। তবে দিনশেষে নায়ক হয়ে উঠলেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ। তার হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগের ম্যাচে ফর্টিস এফসিকে ৩–২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ফর্টিসকে সরিয়ে পয়েন্ট টেবিলের একক রাজত্ব ফিরে পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচ শেষে কিংসের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট, আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ফর্টিস।
কিংস অ্যারেনায় আজ শনিবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে। ১৮ মিনিটে কিংস সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই গোল করে কিংস সমর্থকদের স্তব্ধ করে দেয় ফর্টিস। ১৯ মিনিটে পা ওমর বাবুর বাড়ানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে নাইজেরিয়ান স্ট্রাইকার ওকাফর দলকে এগিয়ে নেন (১-০)। কিংসের ডাগআউটে ঘনায় দুশ্চিন্তার মেঘ। তবে সেই মেঘ কেটে যায় দ্রুতই।
২৪তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে আক্রমণে ওঠা রাকিব হোসেনকে ডি-বক্সে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৬ মিনিটে স্পটকিক থেকে ম্যাচে সমতা ফেরান দোরিয়েলতন গোমেজ। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ৩৩ মিনিটে ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা তর্কে জড়িয়ে পড়লে ম্যাচে সাময়িক উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় বেঞ্চ থেকে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের আবদুল্লাহ ওমর। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
বিরতির পর কিংসের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন দোরিয়েলতন। পিছিয়ে পড়ে ফর্টিসও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৭৫ মিনিটে ৭৫ মিনিটে ভুটানি উইঙ্গার দাওয়া শেরিংয়ের কর্নার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জালে পাঠান অনন্ত তামাং। ম্যাচে আবারও ফেরে সমতা। দর্শকরা তখন তীব্র উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলেন ফলাফলের। অনেকে ধরেই নিয়েছিলেন, সমতায় শেষ হবে ম্যাচ। কিন্তু এতে বাদ সাধেন সেই ব্রাজিলিয়ান জাদুকর দোরিয়েলতন। ৭৮ মিনিটে ফাহিমের আরেকটি ক্রস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। দোরিয়েলতনের ওই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত হয় কিংসের।
একইদিন মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। লিগে ১১ ম্যাচে এটি আবাহনীর পঞ্চম জয়। টেবিলের তিনে থাকা দলটির পয়েন্ট এখন ১৯। অন্যদিকে গাজীপুরে পিডাব্লুডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ। টেবিলের ৯ নম্বরে থাকা আরামবাগের অর্জন ১১ ম্যাচে দুই জয়ে ৯ পয়েন্ট।