গোপালগঞ্জে তরমুজ বিক্রয়ে অনিয়ম, তিন ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ জেলা সদরের ফল বাজারে তরমুজ বিক্রয়ে অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মার্চ) জেলা সদর ফল বাজারে বাজার মনিটরিং চলাকালে তরমুজ বিক্রিতে অসংগতি ধরা পড়লে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক স্বপন এবং কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী তরমুজ পিস হিসেবে বিক্রি হওয়ার কথা থাকলেও কয়েকজন ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছে তা কেজি দরে ৫০ টাকা হিসেবে বিক্রি করছিলেন। এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছিলেন এবং অতিরিক্ত মূল্য পরিশোধ করতে বাধ্য হচ্ছিলেন। এ অনিয়মের দায়ে তিন ফল ব্যবসায়ীকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এক ক্রেতা বলেন, তরমুজ ব্যবসায়ীদের এই ধরনের সিন্ডিকেট প্রতিবছরই দেখা যায়। সরকারের এমন অভিযান নিয়মিত হলে সাধারণ মানুষ স্বস্তিতে ন্যায্যমূল্যে কেনাকাটা করতে পারবে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।