মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যে এবার বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর।
হামলার সময় কয়েকটি ড্রোন বিমানবন্দরের অতি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে। তবে বড় ধরনের এই হামলায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী হতাহত হননি।
রবিবার (১৫ মার্চ) হামলার সত্যতা নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি।
মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, বেশ কয়েকটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে, যার ফলে সিস্টেমটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে, হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান ওঠানামায় কোনো বিঘ্ন ঘটবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে সম্ভাব্য পরবর্তী হামলা এড়াতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: আল জাজিরা