ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪

দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্ববাসীর নজর মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের দিকে, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিছুটা হলেও আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়েছিল। কিন্তু ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া ফের সে আলোচনা উসকে দিল। এ হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা কালাশনিক জানান, হামলায় অন্তত চারটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক ভবনসহ শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে এসব হামলা

চালানো হয়। কর্র্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায়

প্রায়ই জ্বালানি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।

মধ্যেপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো পুতিন ইউক্রেনে হামলা বন্ধের কোনো ইঙ্গিত দিচ্ছেন না। এই প্রেক্ষাপটে বিশ্বে যুদ্ধ পরিস্থিতির সমাপ্তি কবে ঘটবে, তা এক বড় প্রশ্নচিহ্ন হয়েই থাকছে।