নিজেদের অর্ধে দাঁড়িয়ে মাঝমাঠের বৃত্তের কাছ থেকে শট, বল বাতাসে ভাসতে ভাসতে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে—২০২৬ সালের লা লিগায় এখন পর্যন্ত সেরা গোলের দেখা মিলল আরদা গুলেরের পা থেকে। তুর্কি এই বিস্ময় বালকের অবিশ্বাস্য গোলের রাতে এলচেকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ৮৯ মিনিটে যখন রিয়াল ৩-১ গোলে এগিয়ে, তখন মাঝমাঠের কাছাকাছি বল পান আরদা গুলের। এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরোকে কিছুটা এগিয়ে থাকতে দেখে অনেকটা শখের বসেই দূরপাল্লার এক লব করেন গুলের। অবিশ্বাস্যভাবে বলটি ঠিক জালে গিয়ে আছড়ে পড়ে।
ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া মুগ্ধতা প্রকাশ করে বলেন, “এই গোলটি আমাদের ফ্রেমবন্দি করে রাখা উচিত। এটি অসাধারণ, চমৎকার! গ্যালারিতে উপস্থিত সবাই বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছিল, এমনকি আমিও। এমন গোল দেখার জন্য দুই-তিনটি টিকিট কেনাও সার্থক।”
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা রিয়াল শুরুটা কিছুটা ধীরগতিতে করেছিল। তবে ৩৯ মিনিটে অ্যান্তোনিও রুডিগারের ভলি রিয়ালকে এগিয়ে দেয়। ঠিক পাঁচ মিনিট পরেই দানবীয় ফর্মে থাকা ফেদেরিকো ভালভার্দে বক্সের কোণা থেকে এক বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন। এটি গত তিন ম্যাচে ভালভার্দের পঞ্চম গোল।
৬৬ মিনিটে ১৮ বছর বয়সী বদলি খেলোয়াড় ড্যানিয়েল ইয়ানেজের ক্রস থেকে দারুণ হেডে তৃতীয় গোলটি করেন ডিন হুইজেন। ৮৫ মিনিটে বদলি খেলোয়াড় ম্যানুয়েল অ্যাঞ্জেলের আত্মঘাতী গোলে এলচে এক সান্ত্বনার গোল পায়, যার কিছুক্ষণ পরেই গুলেরের সেই ঐতিহাসিক গোলের মুহূর্তটি আসে।
হাঁটুর ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে অনুপস্থিত থাকলেও কোচ আরবেলোয়া আশাবাদী যে, মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে ফরাসি তারকাকে পাওয়া যাবে।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার চেয়ে মাত্র ১ কম। আজ সেভিয়ার বিপক্ষে বার্সা জয় পেলে ব্যবধান আবার ৪ পয়েন্টে দাঁড়াবে। এলচে ১৭ নম্বরে থাকলেও অবনমন অঞ্চলের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে আছে। আগামী ২২ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতেই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।