সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মামুনুর রশীদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল বাজার এলাকায় একটি বিবাদমান বিষয় নিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শেখের সঙ্গে এএসআই মামুনুর রশিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা রুহুলসহ কয়েকজন কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারপিট করে। এতে এএসআই আহত হন।
এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, ঘটনার বিষয়ে আমার তেমন জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
শনিবার রাতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই এএসআই মোটরসাইকেল নিয়ে ষোলমাইল বাজারের পশ্চিম পাশে বসে ওয়ারেন্ট সংক্রান্ত খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন ব্যক্তি এসে কাঠের বাটাম দিয়ে পেছন থেকে তাকে আঘাত করেন। এতে এএসআই মামুনুর রশীদের মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি বলেন, এএসআইয়ের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার আনু ও রুহুলের নাম এসেছে। তবে চিকিৎসকের পরামর্শে আহত এএসআইয়ের সঙ্গে এখনও বিস্তারিত কথা বলা হয়নি। বিস্তারিত জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।