নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের একটি ইহুদি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) ভোরে সংঘটিত এই বিস্ফোরণকে শহরের মেয়র ফেমকা হেলসেমা 'ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা' বলে উল্লেখ করেছেন।
শহরের দক্ষিণের একটি আবাসিক এলাকায় অবস্থিত স্কুলটিতে বিস্ফোরণে একটি পানিনিষ্কাশন পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং বাইরের দেয়ালের একটি অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মেয়র হালসেমা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এর পর ইহুদি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। তিনি বলেন, 'এটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসন। আমস্টারডামে ইহুদিরা ক্রমেই ইহুদিবিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।'
উল্লেখ্য, এই স্কুলটি নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য একমাত্র স্কুল। অতীতে হুমকির কারণে প্রতিষ্ঠানটি উঁচু ধাতব বেড়া দিয়ে ঘেরা।
ডাচ প্রধানমন্ত্রী রব ইয়েতেন হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, এতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি জানান, ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এর আগেই শুক্রবার রাতে রটারড্যাম শহরের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীতে ইহুদি উপাসনালয় ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছিল।