বাগদানের কথা স্বীকার করলেন পূজা

ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় প্রেমের গুঞ্জন অস্বীকার করলেও এবার প্রেমের কথা স্বীকার করলেন চিত্রনায়িকা পূজা চেরি। দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটিয়ে প্রথমবার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। 

তিনি স্পষ্ট জানান, তিনি এখন আর সিংগেল নন বরং ‘এনগেজড’। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন তিনি। পূজা চেরি বলেন, ‘আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো আংটি বদলের মতো কিছু হয়নি।’ 

হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, ‘তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।’ পূজা তার জীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। 

পূজা আর ও বলেন, ‘আমার কাছে মনে হয় সংসার ও মিডিয়া জীবন দুটো ব্যালেন্স করা খুব কঠিন। যদি কখনো মনে হয় অভিনয় করতে যেয়ে দুটো উনিশ-বিশ হয়ে যাচ্ছে, তখন আমি ইন্ড্রাস্টি ছেড়ে দেব।’ অভিনয় যাত্রার সংগ্রামের কথা মনে করে বলেন, ‘অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।’ 

হবু সঙ্গীর প্রশংসা করে বলেন, ‘আমার পার্টনার খুব সাপোর্টিভ। আমার মায়ের মতোই সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি। আমার ইচ্ছেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।’ বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, ‘মানসিকভাবে প্রস্তুত হলেই আমি বিয়ে করবো। আমি যখন বিয়ে করবো তখন সেটা পুরো পৃথিবী জানবে। আমার কোনো কিছু নিয়ে লুকোচুরি পছন্দ না।’