জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত (এলাউড) নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানান।
রবিবার (১৫ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের বরগুনা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ কাগজ দেখে পুরো বক্তব্য দেন। পরে তাদের উদ্দেশ্য করে এ মন্তব্য করেন স্পিকার।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউ না। আপনি নোট রাখবেন। একবার দেখে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।
অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার আরও বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউ না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সকলের মান্য করা উচিত।
উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
