রোকন উদ্দিন মেম্বারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সীতাকুণ্ডে যুবদলের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন মেম্বারসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুবদল।

রবিবার (১৫ মার্চ) সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত যৌথ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রোকন উদ্দিন মেম্বারসহ যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী ইয়াছিন বাহিনীর আধিপত্য ছিল। ওই এলাকায় সাধারণ মানুষ, সাংবাদিক এমনকি প্রশাসনের সদস্যরাও নির্বিঘ্নে চলাচল করতে পারতেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

যুবদল নেতারা দাবি করেন, এই অভিযানে রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতারা প্রশাসনকে সহযোগিতা করেছেন যাতে এলাকা সন্ত্রাসমুক্ত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তার নাম মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “রোকন উদ্দিন মেম্বার দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই তাকে মামলায় জড়ানো হয়েছে।”

তারা অবিলম্বে রোকন উদ্দিন মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথাও জানান।

সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. ফজলুল করিম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।