সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেশিরভাগ কর্মকর্তা। গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়।
গত ২ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল সকাল থেকে সরেজমিনে উপজেলায় অবস্থান করে দেখা যায়, অফিস কক্ষ খোলা থাকলেও সকাল ৯টা ৪০ পর্যন্ত অফিসে আসেননি শিক্ষা কর্মকর্তা আকতার বানু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোহাম্মদ এনামুল হক। ৯টা ৪০ মিনিটের পর অফিসে আসেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সকাল ১০টা পর্যন্ত উপজেলার অধিকাংশ দপ্তরেই দেখা গেছে একই চিত্র। রুম খোলা রেখে প্রতিটি কক্ষেই জ্বলছিল লাইট। এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, আমাদের জরিপ চলছে। মাঠে কাজ করছি। আমাদের জন্য ৯টা ৪০ পর্যন্ত অফিসে অবস্থান করা বাধ্যতামূলক না। ২টার পর অফিসে আসেন বিস্তারিত বলব।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার বানু বলেন, আমি অফিসের নিচে উপজেলার আশপাশেই ছিলাম। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।