বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত দশটার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর পানের বাজারের একটি পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকা-ের কারণ জানাতে পারেনি। এখনো কোনো মামলা হয়নি । কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। উদয়পুর বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন তিনি।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক এই প্রতিবেদককে বলেন, শনিবার রাত দশটার দিকে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ উদয়পুর বাজারের দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে উপুর্যপরি গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে বাজারে থাকা স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
ওসি বলেন, কারা কোন কারণে এই নেতাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানতে পারিনি। ব্যবসায়িক না রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।