খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত

রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল রবিবার বিকেলে খিলক্ষেত খা-পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার ফুলঝুরি গ্রামের মো. রাজিব হোসেন (২৫), একই উপজেলার বাসুকি গ্রামের রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাচর গ্রামের ফরিদ জামান (৬৪)। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি আব্দুল আলিম বলেন, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো। এ সময় খিলক্ষেত খা-পাড়া এলাকায় ২০-২৫ শ্রমিক মাটির নিচে বিদ্যুতের তার বসানোর কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে একটি ট্রাক থেকে ক্রেনের মাধ্যমে বৈদ্যুতিক কেব্ল নামানো হচ্ছিল। এ সময় ক্রেনটি অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ করলে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।