দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি বহুমাত্রিক অবদান রেখে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি সর্বদা জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম।
গতকাল রবিবার নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিমউদ্দীন আলম বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং মানুষের কল্যাণে নিবেদিত কাজের প্রশ্ন আসে, তখনই মানুষ খালেদা জিয়াকে স্মরণ করে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে আপসহীন লড়াই করেছেন।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ও দৈনিক খোলাবাজারের সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন। সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম সভায় সভাপতিত্ব করেন।