গাজীপুর ও নেত্রকোনাসহ ৫ জেলায় নতুন ডিসি

গাজীপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ এই পাঁচ জেলায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।