নদীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের রজতরেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর আবির হোসেন নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামের গুদারাঘাট সংলগ্ন নদী তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির হোসেন (১৫) উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে ও মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুরে চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আবির নিখোঁজ হয়। পরে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে ব্যর্থ হয়।

তিনি জানান, পরে সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারও অভিযানে নেমে সকাল সোয়া ১০টার দিকে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।