রাজবাড়ী সদরে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়নুরপুর গ্রামের নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল সেতু সংলগ্ন এলাকায় মরদেহটি পরে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গ পাঠায়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকালে এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।