ঝিনাইদহে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট এমএ মজিদ

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও হরিণাকুন্ডু উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি মো. সেলিম রেজার স্থলাভিষিক্ত হলেন।

রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জেলা পরিষদের প্রশাসক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগ দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সঙ্গে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই।

২০২৪ সালের  ৫ আগস্ট শেখ হাসিনা পতন হলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ে। অনেক এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় গতি ফেরাতে নতুন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়।