পটুয়াখালীতে জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ পাম্পগুলোতে পেট্রোল সামান্য পাওয়া গেলেও কাঙ্ক্ষিত পরিমাণে মিলছেনা ডিজেল ও অকটেন।
গ্রামগঞ্জের অনেক খুচরা ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন তেল বিক্রি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক থেকে শুরু করে, বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চ চালকরা। তেল সংকটে সমুদ্রে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন জেলেরা। সরকারি মূল্যে তেল না মেলায় দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে আছে শত শত মাছধরা ট্রলার। এ বন্দরে প্রতি সপ্তাহে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলে পাম্পগুলো পাচ্ছে মাত্র ৭৫ হাজার লিটার। তবে তেল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।