পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে।
বুধবার(২২ জুলাই) সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানা দেয়াল দুটি ধসে পড়ে।
দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে।
এছাড়া একই বছরের ৩০ জুন আরও একটি সীমানা দেয়াল ধসে এবং ৩ টি দেয়াল হেলে পড়ে। ৩ বছরের ব্যবধানে ফের দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। ২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীরটি নির্মাণ করে। বন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে ভারীবৃষ্টিতে মাটি সরে গিয়ে সীমানা দেয়ালে ধসের ঘটনা ঘটেছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।