ঈদে বড়াইগ্রামে খাদ্য সহায়তা পাচ্ছে ২৪ হাজার পরিবার

ঈদ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ২৪ হাজার ১৯৭টি অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) বড়াইগ্রাম পৌরসভায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ঈদুল ফিতরে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্যক্রমের আওতায় বড়াইগ্রাম পৌরসভায় চার হাজার ৬২১ পরিবারে ৪৬.২১০ টন ও বনপাড়া পৌরসভায় চার হাজার ৬২১ পরিবারে ৪৬.২১০ টন, জোয়াড়ী ইউনিয়নে দুই হাজার ৫৫১ পরিবারে ২৫.৫১০ টন, বড়াইগ্রাম ইউনিয়নের দুই হাজার ৪৩১ পরিবারে ২৪.৩১০ টন, জোনাইল ইউনিয়নে দুই হাজার ১১০ পরিবারে ২১.১০০ টন, নগর ইউনিয়নে দুই হাজার ৬৫০ পরিবারে ২৬.৫০০ টন, মাঝগাঁও ইউনিয়নে দুই হাজার ২২৩ পরিবারে ২২.২৩০ টন, গোপালপুর ইউনিয়নে এক হাজার ৬২১ পরিবারের মাঝে ১৬.২১০ টন ও চান্দাই ইউনিয়নে এক হাজার ৩৬৯ পরিবারের মাঝে ১৩.৬৯০ টন চাল বিতরণ হবে।

ভিজিএফ কর্মসূচির আওতায় নবগঠিত বিএনপি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রতিটি দুস্থ পরিবারের একজন কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,ঈদকে সামনে রেখে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নগুলোতে মোট ২৪১.৯৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।