নাটোর জেলার বড়াইগ্রামে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই মরদেহ পাওয়া। মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মুনসুর আলী মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাক প্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, ওই শিশুটিকে নিয়ে তার মা রহিমা বেগম এক যুবকের সাথে পাতিল বাবার মাজার সংলগ্ন বাঁশ বাগানে ডোবার পাশে রাত যাপন করেন। পরে সকালে রাস্তায় এসে লোকজনকে তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না বলে জানান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদগ্রামের শামসুল ইসলাম বলেন, শিশুটির পেটে কোন পানি ছিল না। আমরা চাপ দিয়ে দেখেছি। রাতে হয়তো অনৈতিক কোন কাজের জন্য শিশুটিকে নিয়ে তার মা এখানে এসেছিল। এ সময় কান্নাকাটি করায় তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আমাদের ধারণা।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।