খাল খনন মানুষের ভাগ্যোন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, আমাদের দলের ইশতেহারে আছে পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে । যেটা মানুষের ভাগ্যোন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে তালুক হাঁপানিয়া খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মানুষের ভাগ্যোন্নয়নে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকেই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, আমি এসেছি মানিগঞ্জের দৌলতপুরে খাল খননে। সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানিকগঞ্জের শিবালয়ের কাসাদহ খাল খনন উদ্বোধন করেছিলেন, ওই খালটির পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আশা রাখছি। আর খাল খননে কৃষি উন্নয়ন হবে এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন হবে।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আখতারুজ্জামান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরেনসহ অনেকে।