যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। 

আজ সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উর্দু ভাষায় দেওয়া এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

ইরানের শীর্ষ কূটনীতিক তার বার্তায় বলেন, মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এই ধন্যবাদ বার্তা এমন এক সময় এলো যখন ইরান তার আরেক প্রতিবেশী সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত সৌদি আরবের সঙ্গেও রয়েছে পাকিস্তানের গভীর সম্পর্ক।

উল্লেখ্য, গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে ইসলামাবাদ ছাড়ার আগে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইরানের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও টেলিফোনে আলাপ করেছেন।

এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন।

অপরদিকে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনা দুই দেশের মধ্যে বাড়তি সহযোগিতার ইঙ্গিতবাহী বলে মনে করছেন বিশ্লেষকরা।