পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর দুটি কনভয়ে পৃথক হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। শনিবার জিয়ারত ক্রস ও সুরাবের হাজিকায় সেনাদের বহরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি।
বিএলএর মুখপাত্র জিয়ন্দ বালোচের দাবি, জিয়ারত ক্রস এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ের দুটি গাড়িতে সংগঠনটির ‘ফতেহ স্কোয়াড’ হামলা চালায়। এতে ১৮ সেনা নিহত হন। একই সময়ে সুরাবের হাজিকায় ‘স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড’ (এসটিওএস) আরেকটি সেনা কনভয়ে হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করে।
হামলার পর বিএলএর মিডিয়া আউটলেট ‘হাক্কাল’ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বলতে এবং সশস্ত্র ব্যক্তিদের সেখান থেকে অস্ত্র সংগ্রহ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে হামলার পর বেলুচিস্তানের মাস্তুং, সিব্বি, কোয়েটা ও কালাতে অভিযান চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে ৫০ জন বালোচ বিদ্রোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএলএ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য রয়েছেন বলেও দাবি করেছে তারা।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিএলএ। সংগঠনটি প্রদেশটির স্বাধীনতার দাবি করে আসছে। তবে হামলায় হতাহতের সংখ্যা এবং বিএলএর প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কিয়েভে হামলা বন্ধের নির্দেশ পুতিনের