সব ধাপ অতিক্রম করল ‘দম’

সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেল রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি।  ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট হাতে পেলো। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসার খবরে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। 

পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়ে দর্শকরা কথা বলছেন, প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।