সিএমপি'র "এস ড্রাইভ” অভিযানে গ্রেপ্তার ৭০৫

চট্টগ্রামে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত টানা "এস ড্রাইভ" অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০৫ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে  রয়েছে মাদক কারবারি ৯৭ জন, ছিনতাইকারী ৩৬৭ জন, চাঁদাবাজ- ২৪ জন, কিশোর গ্যাং সদস্য ১৪৮জন, জুয়াড়ী ৬৯ জন। 

এছাড়া অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ।

উক্ত অভিযান চলাকালে ১টি বিদেশী স্টেনগান ( এসএমজি), ১টি বিদেশী  সাবমেশিন গান (এসএমসি), ১টি ওয়ান শুটার গান, ৩ টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬ টি শটগানের কার্তুজ এবং ১টি খালি কার্তুজ এবং ১টি প্লাস্টিকের তৈরী বুলেট/গুলির কেইস, ৩টি এসএমজির ম্যাগাজিন, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১ টি কাঠের বাটযুক্ত ধারালো চাইনিজ কুড়াল, ৪ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় কিরিচ, ১টি রাম দা, ৮ টি ছোরা, ৩টি ধামা, ১টি চাপাতি, ১টি কাঁচি, ১টি সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোটর সাইকেল, ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (১৬ মার্চ) সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।