গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে মইনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে যাওয়া ১০ বছরের ছেলে মাহিদ মিয়াকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ন বিলে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম ওই ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে ছেলে মাহিদ মিয়াকে নিয়ে বাড়ির পাশের তেলিয়ন বিলে মাছ ধরতে যান মইনুল ইসলাম। একপর্যায়ে মাহিদ পানিতে পড়ে ডুবে যেতে থাকে। ছেলেকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন মইনুল। এরপর তিনি পানিতে নিখোঁজ হন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট তল্লাশি চালান। একপর্যায়ে মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় তার ছেলে মাহিদ মিয়াকেও জীবিত উদ্ধার করা হয়।

সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, অভিযানে শিশু মাহিদকে জীবিত এবং তার বাবা মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে মাহিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত