সাইবার সিকিউরিটি এক্সপার্ট

প্রযুক্তিনির্ভর এই যুগে তথ্য নিরাপত্তা রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যারা প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন, তাদের জন্য সাইবার সিকিউরিটি হতে পারে দারুণ পেশা। লিখেছেন মো. মনিরুজ্জামান

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারে বিশ্ব এখন অনেকটাই অনলাইন-নির্ভর। ব্যাংকিং থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি ব্যক্তিগত যোগাযোগ সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু এই সুবিধার সঙ্গে বাড়ছে সাইবার হামলা, তথ্য চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকি। তাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় পেশাগুলোর একটি হয়ে উঠেছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। যারা তথ্য ও ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে কাজ করেন, তারাই মূলত এই পেশার মানুষ।

কীভাবে হবেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট

সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হলে প্রথমে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে শক্ত ভিত্তি তৈরি করতে হবে। সাধারণত কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সাইবার সিকিউরিটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ভালো হয়। পড়াশোনার পাশাপাশি নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম এবং ডেটা সিকিউরিটি সম্পর্কে গভীর ধারণা তৈরি করা জরুরি। এছাড়া Ethical Hacking, Penetration Testing, Network Security–এর মতো দক্ষতা অর্জন করলে এই পেশায় দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব।

কোথায় পড়বেন

বাংলাদেশে এখন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বা সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP), ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কিছু প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে পড়লে সাইবার সিকিউরিটির দিকে বিশেষায়িত হওয়া যায়। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম যেমন Coursera, Udemy ev edX–GI –এও আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি কোর্স পাওয়া যায়। অনেক শিক্ষার্থী এসব কোর্স করে বাস্তব দক্ষতা অর্জন করছে।

কোথায় চাকরি পাওয়া যাবে

সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা এখন প্রায় সব খাতেই। ব্যাংক, টেলিকম কোম্পানি, সফটওয়্যার প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, ই-কমার্স প্ল্যাটফর্ম সব জায়গায় তথ্য সুরক্ষার জন্য দক্ষ পেশাজীবীর প্রয়োজন হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন আইটি কোম্পানি, সফটওয়্যার ফার্ম, সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় এই পেশায় কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে।

দেশে এই পেশার ভবিষ্যৎ

বাংলাদেশ দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের ফলে সরকারি ও বেসরকারি প্রায় সব সেবাই অনলাইনে চলে আসছে। ফলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে দেশে সাইবার সিকিউরিটি পেশাজীবীর চাহিদা আরও বাড়বে। তাই প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এটি হতে পারে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্যারিয়ার।

কেমন উপার্জন

সাইবার সিকিউরিটি পেশায় আয়ও বেশ আকর্ষণীয়। নতুনরা শুরুতে মাসে ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে এই আয় কয়েক লাখ টাকাতেও পৌঁছাতে পারে। আন্তর্জাতিক কোম্পানি বা রিমোট চাকরিতে আয় আরও বেশি হওয়ার সুযোগ থাকে।