গ্লাভসজোড়া চিরদিনের জন্য তুলে রাখলেন সার্জিও রোমেরো

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল গোলরক্ষক সার্জিও রোমেরো ৩৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে এবার কোচিংয়ের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ২০১৪ বিশ্বকাপের এই নায়ক।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখনো রোমেরোর দখলে। আলবিসেলেস্তেদের হয়ে ৯৬টি আন্তর্জাতিক ম্যাচে গোলবার সামলেছেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। সেদিন হাভিয়ের মাশ্চেরানো বলেছিলেন, ‘আজ তুমি নায়ক হবে’।

এছাড়াও ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় এবং ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মেসি-আগুয়েরোদের সঙ্গে সোনা জয়ের কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। ক্লাব ক্যারিয়ারে ইউরোপের একাধিক বড় দলে খেলেছেন রোমেরো। নেদারল্যান্ডসের এজেড আল্কমার থেকে শুরু করে সাম্পদোরিয়া ও মোনাকোর হয়ে খেলেছেন তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার সময়টি ছিল বিশেষ। ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে খেললেও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবার। ২০১৭ সালে ইউনাইটেডের ইউরোপা লিগ জয়ে তার ভূমিকা ছিল অনবদ্য।

পেশাদার ফুটবল অবসর নিলেও মাঠ থেকে বিদায় নিচ্ছেন না রোমেরো। সাংবাদিক ফেদ ক্রিস্টোফানেলির দেওয়া তথ্য অনুযায়ী, রোমেরো ইতিমধ্যে তার কোচিং ক্যারিয়ারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। খুব দ্রুতই হয়তো তাকে কোনো দলের ডাগআউটে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ফুটবলের সীমানা রেখা পার হয়ে নতুন এক ক্যারিয়ার শুরু করতে প্রস্তুত, যা নিশ্চিতভাবেই সুন্দর হবে।’