চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে লস ব্লাঙ্কোস সমর্থকদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তন। তবে দলের সাথে ইংল্যান্ডে গেলেও ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হচ্ছে ইংলিশ তারকা জুড বেলিংহামকে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া নিশ্চিত করেছেন যে, এমবাপ্পে পুরোপুরি ফিট এবং তাকে আজ মাঠে দেখা যাবে। আরবেলোয়া বলেন, "এমবাপ্পে খেলার জন্য তৈরি। আমি তাকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।"
অন্যদিকে বেলিংহামের বিষয়ে কোচ জানান, "জুড তার সতীর্থদের পাশে থাকার জন্য দলের সাথে এসেছে। সে অনুশীলনের কিছু অংশে অংশ নেবে, কিন্তু কালকের ম্যাচের জন্য সে লভ্য নয়। তবে ড্রেসিংরুমে তার উপস্থিতি দলের মনোবল বাড়াতে সাহায্য করবে।" বেলিংহামের এই অনুপস্থিতি চলতি মাসের শেষে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচে তার অংশগ্রহণকেও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
প্রথম লেগের লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে ম্যানচেস্টারে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার সেই ম্যাচে ফেদেরিকো ভালভার্দের প্রথমার্ধের অনবদ্য হ্যাটট্রিক সিটিকে কোণঠাসা করে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসুয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বড় হতে পারতো।
নিজেদের মাঠে ৩-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটির জন্য এটি এক কঠিন পরীক্ষা। ইতিহাদ স্টেডিয়ামে ঘরের সমর্থকদের সামনে পেপ গার্দিওলার দল অলৌকিক কিছু ঘটিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে এমবাপ্পের ফেরা রিয়ালের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে, যা সিটির ডিফেন্সের জন্য বাড়তি মাথাব্যথার কারণ হবে।
পিএসএলে নাহিদ রানার সতীর্থ হলেন শরিফুল
১৪ কোটির অল-রাউন্ডারকে টাকা জমানোর পাঠ দিলেন ধোনি