এতকিছুর পরও জাতীয় দলে জায়গা না পেয়ে মুখ খুললেন নেইমার

আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে সেই তালিকায় নেই সুপারস্টার নেইমারের নাম। দীর্ঘ প্রতীক্ষার পরও জাতীয় দলে ডাক না পেয়ে নিজের হতাশা ও মন খারাপের কথা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সোমবার কিং লিগ ব্রাজিলের একটি ম্যাচ চলাকালীন নেইমার তার দল থেকে বাদ পড়া নিয়ে সরাসরি কথা বলেন। তিনি বলেন, ‘আমি এখানে এই কথাটা বলতে চাই কারণ এটি এড়িয়ে যাওয়ার উপায় নেই। অবশ্যই দলে ডাক না পেয়ে আমার মন খারাপ হয়েছে এবং আমি ব্যথিত।’

তবে এখনই হাল ছাড়তে রাজি নন সান্তোসের এই ১০ নম্বর জার্সিধারী। তিনি আরও যোগ করেন, ‘দিনের পর দিন, ট্রেনিংয়ে এবং প্রতিটি ম্যাচে আমার মনোযোগ একই থাকবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই। এখনো চূড়ান্ত দল ঘোষণা (বিশ্বকাপের জন্য) বাকি আছে এবং আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমরা সবাই একসাথেই আছি।’

দলের বাইরে থাকার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন নেইমার। সেখানে তিনি লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আজকের সুন্দর সব বার্তার জন্য! প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখুন, যা হওয়ার তা-ই হবে। নিরবে নিজের কাজ করে যান।’

২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে ভয়াবহ চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন নেইমার। এরপর থেকে তিনি বারবার ইনজুরি আর ফিটনেস সমস্যায় ভুগছেন, যা তাকে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে রাখছে। আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে হলে নেইমারকে তার পুরোনো ফর্ম ও শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

নেইমার বাদ পড়লেও আনচেলত্তির এই দলে ফিরেছেন উদীয়মান তারকা এনড্রিক। এছাড়া ফ্লামেঙ্গোর তিন ফুটবলারকে সুযোগ দিয়ে ঘরোয়া লিগের ওপর আস্থার পরিচয় দিয়েছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিলের ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—নেইমার কি শেষ পর্যন্ত নিজের ফিটনেস ফিরে পেয়ে ২০২৬ বিশ্বকাপে তার ‘অসমাপ্ত স্বপ্ন’ পূরণ করতে পারবেন? কারণ, চোটপ্রবণ নেইমারের জন্য কাজটা ভীষণ কঠিন।