পাকিস্তানি ক্রিকেটার দলে নেওয়া ভারতীয়দের প্রাণহানির কারণ: গাভাস্কার

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। আর এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এই চুক্তির কঠোর সমালোচনা করে বলেছেন, পাকিস্তানি খেলোয়াড়দের অর্থ প্রদান করা মানে পরোক্ষভাবে ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ মানুষের মৃত্যুর কারণ হওয়া।

সানরাইজার্স লিডসের মালিকানায় রয়েছে ভারতের সান গ্রুপ, যারা আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক। ২০০৯ সাল থেকে রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের নিষিদ্ধ রাখা হয়েছে। গত বছর ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। এমতাবস্থায় আবরারকে দলে নেওয়াকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারতে।

ভারতীয় ‘মিড-ডে’ পত্রিকায় এক কলামে গাভাস্কার লেখেন, ‘দ্য হান্ড্রেডে একটি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি খেলোয়াড় নেওয়াকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা অপ্রত্যাশিত নয়। ২০০৮ সালের নভেম্বরের মুম্বাই হামলার পর থেকেই আইপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি খেলোয়াড়দের উপেক্ষা করে আসছে। একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, তার একটি অংশ আয়কর হিসেবে সেই দেশের সরকারের কাছে যায়। সেই অর্থ দিয়ে কেনা অস্ত্র ভারতীয় সেনা ও নাগরিকদের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই ভারতীয় প্রতিষ্ঠানগুলো পাকিস্তানি শিল্পী ও ক্রীড়াবিদদের নেওয়ার বিষয়টি এড়িয়ে চলছে।’

দ্য হান্ড্রেডের নিলামে সান গ্রুপের কর্ণধার কলানিথি মারানের মেয়ে কাব্য মারান উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই আবরারের জন্য বিড করেন। সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশের খেলোয়াড় এড়িয়ে চলার বিষয়ে মালিকপক্ষ থেকে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে গাভাস্কারের মতে, মালিক ভারতীয় হলে সেটি বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি হলেও দায় এড়ানো যায় না।

গাভাস্কার মনে করেন, ফ্র্যাঞ্চাইজির মালিকের উচিত ছিল এই সিদ্ধান্ত নিরুৎসাহিত করা। তবে কোচ ভেট্টোরি বিষয়টির গভীরতা বুঝতে নাও পারেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভারতীয় প্রতিষ্ঠান বা তার বিদেশি সহযোগীর মালিক যদি ভারতীয় হন, তাহলে তবে তিনি বা তারা ভারতীয়দের হতাহত হওয়ার পেছনে অবদান রাখছেন। বিষয়টি এতটাই সরল। এখনও সময় আছে ভুল সংশোধনের। আশা করি, বিচক্ষণ সিদ্ধান্তই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে।’

আবরারকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্সের মালিকপক্ষ নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও তারা আগে সব দলকে সতর্ক করেছিল যে, জাতীয়তার ভিত্তিতে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া যাবে না। এবারের দ্য হান্ড্রেডে আবরার ছাড়াও বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন পাকিস্তানের উসমান তারিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত