জামালপুর

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ দুই ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক

ডিবি জানায়, গোপন সংবাদ পেয়ে সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার আদ্রা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.শিপলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, আটক দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।