শ্রমিকদল নেতাদের হামলায় এনসিপির ৫ জন আহত, ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

জামালপুরে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ ও রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে শ্রমিকদলের নেতাদের বিরুদ্ধে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে জেলা বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা হয়। আলোচনা শেষে দীর্ঘ ১৫ ঘণ্টা পর দুপুর ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক নেতারা। 

আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান ও মাহিন খন্দকার। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংগঠনটির নেতাদের দাবি, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে এবং রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচি চলাকালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনের আয়োজকদের অভিযোগ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালান।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান ও মাহিন খন্দকার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিই। 

এ বিষয়ে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেছেন, ডিসি ও এসপি স্যারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে ডিসি স্যারের সাথে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মিটিং ছিল। মিটিং যাওয়ার সময় ডিসি অফিসের সামনে তারা অশালীন ভাষায় কথা বলতে ছিল। তা সহ্য করতে না পেরে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের বাস ও ইজিবাইকের দুর্ঘটনায় চারজন নিহত হন। ওই ঘটনার পর রাজীব পরিবহনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর ধারাবাহিকতায় রুট পারমিট বাতিল ও পরিবহনটির চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত