যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আনা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠানো হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) এক ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নবনিযুক্ত সর্বোচ্চ নেতার প্রথম বৈদেশিক নীতি সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মার্কিন ও ইসরায়েলবিরোধী অবস্থান ছিল ‘অত্যন্ত কঠোর ও গুরুতর’।

সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতি স্বীকার না করা পর্যন্ত শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে পদক্ষেপের জন্য তাদের পরাজয় মেনে নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

অন্যদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে ইরানি গণমাধ্যম এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, লারিজানি জীবিত আছেন এবং শিগগিরই তিনি বার্তা দেবেন।

একইসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আধা-সামরিক শাখা বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) রাতে বাসিজ ফোর্সের তাঁবুতে হামলা চালানো হলে সোলেইমানিসহ শীর্ষ কয়েকজন নেতা নিহত হন। তবে ইরানের পক্ষ থেকে এই দাবিও এখনো নিশ্চিত করা হয়নি।