নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী শামীমা আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর কারণ নিয়ে নানা গুঞ্জন চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ননদ মনি আক্তার তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় কালচে দাগ থাকায় এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড— তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ সোহাগ আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলাও রয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।