চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাচু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকার নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ-সৈয়দা স্কুলের দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গৃহবধূ বাড়ি থেকে বিবিরহাটে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার এসআই সাহেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। গৃহবধূ বাচু আক্তার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানারখিল এলাকার মো. সেলিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। উল্লেখ্য, গত এক সপ্তাহে ফটিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।