ফুলগাজীতে নির্মাণাধীন সড়ক ক্ষতিগ্রস্ত করায় ব্যবসায়ীকে জরিমানা

ফুলগাজীতে অবৈধভাবে কৃষিজমির মাটি পরিবহন করে নির্মাণাধীন ‘বেগম খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পিকআপ ও ট্রাক্টর দিয়ে পরিবহন করে নির্মাণাধীন ফুলগাজির ‘বেগম খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় মো. রাসেল নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (১৭মার্চ) ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা ঘটনাস্থল পরিদর্শন করে জরিমানা করেন। অভিযোগ পেয়ে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দলও সড়কটি পরিদর্শন করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সড়কটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান নাজির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন অভিযোগ করেন, লষ্কর দিঘি এলাকা থেকে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কেটে নির্মাণাধীন সড়ক ব্যবহার করে তা পরিবহন করা হচ্ছে। এতে সড়কের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দু’পাশের এজিং নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে প্রায় দেড় কিলোমিটার অংশের এজিং মেরামতে ৩০ থেকে ৩৫ হাজার ইট প্রয়োজন হবে, যার আনুমানিক ব্যয় প্রায় সাড়ে তিন লাখ টাকা। পাশাপাশি অতিরিক্ত নির্মাণসামগ্রী বাবদ আরও প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ের আশঙ্কা রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী বেগম খালেদা জিয়া সড়কে কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক বাজারে বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির চাপ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জিলানী। তিনি বলেন, মাটি পরিবহনের কারণে নয়, নিম্নমানের নির্মাণসামগ্রী, বিশেষ করে ইট ব্যবহারের কারণেই সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা বলেন, মাটি কাটা ও বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় জড়িত মাটি ব্যবসায়ী রাসেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গাইনবাড়ি এলাকা থেকে করইয়া-নোয়াপুর বটতলা হয়ে তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ হাজার ৪৫৮ মিটার দীর্ঘ এই সড়কের মেরামত কাজের জন্য প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারিয়া ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কৃষি জমি মাটি কাটার অপরাধী  এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। নির্মাণাধীন সড়ক নষ্ট করায় ঠিকাদারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।