ফুলগাজীতে বিএনপির পথসভা, আ.লীগকে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর ফুলগাজীতে গণমিছিল ও পথসভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিদেশে বসে আন্দোলনের ঘোষণা দেওয়া আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

শনিবার (২১ নভেম্বর) বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ফুলগাজী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন ভুঞা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

সভাপতির বক্তব্যে ফখরুল আলম স্বপন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তবে দলের কিছু নেতাকর্মী কর্মসূচিতে যোগ না দিয়ে দোকানপাটে বসে থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, দলের প্রতি ভালোবাসা থাকলে দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় থাকতে হবে। 

পথসভায় আবুল হোসেন ভুঞা বলেন, সরকারি-বেসরকারি স্থাপনা ও মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ ও থানার অস্ত্র লুটের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। কোনো ব্যবসায়ী যেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপ্রীতিকর আচরণের অভিযোগ তুলতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের কেউ অপরাধে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ বক্তব্যে আলাউদ্দিন নাসিমের নাম উল্লেখ করে বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে নাসিম কর্মসূচি ঘোষণা করেছেন। সাহস থাকলে তাকে দেশে এসে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। বিদেশে বসে ঘোষিত কর্মসূচি দেশের মানুষ মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে আলাউদ্দিন নাসিমের কারণে বিএনপির অনেক নেতাকর্মী মামলা ও কারাভোগের শিকার হয়েছেন। গোলাপ বলেন, বিএনপির নেতাকর্মীরা সকাল-বিকেল রাজপথে থাকবেন এবং কোনো পক্ষকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত