ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত আব্দুল্লাহ আল-মামুন খোকনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭মার্চ) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকন স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রয়াত বিএনপি নেতার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠান সঞ্চলনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, মো. হায়দার আলী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ। এছাড়া মরহুম খোকনের দুই ছেলে উল্লাস ও উজানসহ পরিবারের অন্য ব্যক্তিরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্রয়াত বিএনপি নেতা খোকনের স্মরণে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,মরহুম আব্দুল্লাহ আল-মামুন খোকন ছিলেন দলের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু তিনি ধানের শীষের বিজয় দেখে যেতে পারেননি। আমাকে ঋণী করে না ফেরার দেশে চলে গেলেন। আপনারা সবাই খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন-যেন মহান আল্লাহপাক তাকে জান্নাত নসিব করেন।