হালুয়াঘাটে দুই সার দোকানিকে জরিমানা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধারা বাজারে অভিযান চালিয়ে শাহীন স্টোর ও কামাল স্টোরকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।

অভিযানকালে সার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় কৃষকেরা জানান, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য নেওয়া বরদাশত করা হবে না। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার পান, সে জন্য প্রশাসনের সহযোগিতায় আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত