ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তাই কোনো ব্যক্তি নিহত হলেও তা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে না। মঙ্গলবার (১৭মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি এ মন্তব্য করেন।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি সরকার। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে যে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন। আরাঘচি বলেন, এর আগেও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সর্বোচ্চ নেতা হত্যার শিকার হয়েছেন, কিন্তু তাতেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তাই বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও মনে করছে যে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের বর্তমান সরকার টিকে যেতে পারে। চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের নেতৃস্থানীয় কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এরপরও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, ইরান সরকার এখনো তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
ইতিমধ্যে এই যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের সামরিক স্থাপনা ও নৌবাহিনীর সক্ষমতার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কমপক্ষে দুই হাজার মানুষ নিহত হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে বলেছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের ধারাবাহিক বিশ্লেষণ বলছে যে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকিতে নেই। বরং তারা জানিয়েছে, সরকার ইরানি জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে গোয়েন্দারা এটিও উল্লেখ করেছেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ সমীকরণ যেকোনো সময় বদলে যেতে পারে।