গাভাস্কার নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন: রফিক

দ্য হান্ড্রেডের নিলামে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে সুনীল গাভস্কারের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক। গাওস্করের এই অবস্থানকে ‘বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে রফিক বলেন, কিংবদন্তি ক্রিকেটার হিসেবে গাভাস্কার কোনো ছাড় পাওয়ার যোগ্য নয়।

গত সপ্তাহে দ্য হান্ড্রেডের নিলামে সানরাইজার্স লিডস ১৯০,০০০ পাউন্ডের বিনিময়ে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেয়। দলটির মালিকানায় রয়েছে ভারতের সান টিভি নেটওয়ার্ক, যারা আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদেরও মালিক। এই ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’-তে একটি কলাম লেখেন গাভাস্কার। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানি খেলোয়াড়দের দেওয়া অর্থ পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

গাভাস্কার তার কলামে লেখেন, “পাকিস্তানি খেলোয়াড়রা তাদের সরকারকে যে আয়কর দেয়, তা দিয়ে অস্ত্র কেনা হয়। যা পরোক্ষভাবে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মালিকানা ভারতীয় হলে সেই অর্থ ভারতীয়দের হতাহতের পেছনেই ভূমিকা রাখছে। টুর্নামেন্ট জেতা কি ভারতীয়দের জীবনের চেয়েও বড়?”

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গাভাস্কারের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন করাচিতে জন্ম নেওয়া সাবেক ইয়র্কশায়ার স্পিনার আজিম রফিক। তিনি লেখেন, “এটি অত্যন্ত হাস্যকর এবং এর নিন্দা জানানো উচিত। এই ধরনের মন্তব্য কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? আপনি কত রান করেছেন তাতে আমার কিছু যায় আসে না। এটি গাভাস্কারের অত্যন্ত নিচ ও বিদ্বেষপূর্ণ মন্তব্য।”

রফিক আরও একটি পোস্টে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “গাভাস্কার কি কোনো ম্যাচ ধারাভাষ্য দেওয়া বয়কট করেছেন? আমার মনে হয় না।”

সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, পাকিস্তানি খেলোয়াড় না কেনার বিষয়ে ম্যানেজমেন্টের মধ্যে আগে থেকে কোনো আলোচনা হয়নি। আদিল রশিদকে না পাওয়ায় তারা আবরার আহমেদকে দলে নিয়েছেন। তবে গাভাস্কারের মতে, কোচ নিউজিল্যান্ডের হওয়ায় তিনি পরিস্থিতি না-ও বুঝতে পারেন, কিন্তু ভারতীয় মালিকের উচিত ছিল এই ক্রয় প্রক্রিয়া নিরুৎসাহিত করা।

অন্যদিকে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, বিদেশের লিগে ভারতীয় মালিকানাধীন দলগুলো কাকে কিনবে বা না কিনবে, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো ভূমিকা বা নিয়ন্ত্রণ নেই।