মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত জসীম উদ্দীন (৪৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জসীম উদ্দীন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত আমির আলীর ছেলে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিংগাইর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলামের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জসীম উদ্দীনের বিরুদ্ধে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দুটি সিআর সাজা ওয়ারেন্ট, দুটি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলা বিচারাধীন ছিল। দীর্ঘ প্রায় এক যুগ ধরে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।