পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে-গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রকৃত ঘটনা ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার উধাও হয়ে যাওয়া, যা পরে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশিত হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, গত সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের গ্রেপ্তারের বিষয়টি বুধবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।