ঈদযাত্রায় প্রচণ্ড ভিড়ের মধ্যে রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা ইলিশা) লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ‘এম ভি জাকির সম্রাট-৩’ নামে আরেক লঞ্চ। তখন ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমান লঞ্চের যাত্রী দুজন পিষ্ট হন। এর মধ্যে এক নারী গুরুতর আহত অবস্থায় পানিতে পড়ে যান। আরেকজন নিহত হয়েছেন বলে জানা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ফয়সাল আহমেদ বলেন, দুই লঞ্চের ঘষাঘষিতে সেই নারী পানিতে পড়ে যান। তার অবস্থা গুরুতর, তবে সর্বশেষ তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।