ইরান থেকে ২০০ বাংলাদেশি আজ রওনা হতে পারেন

যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে বাংলাদেশের প্রায় ২০০ নাগরিকের আজ বৃহস্পতিবার পাশর্^বর্তী আজারবাইজান হয়ে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট আজ আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে উড়বে।

আজারবাইজানে বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বাকুতে পৌঁছেছেন। ঢাকা থেকে যোগাযোগ করা হলে গতকাল বুধবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ইরানে বসবাসরত বাংলাদেশের প্রায় ২০০ নাগরিক আজারবাইজান হয়ে ফিরতে ছাড়পত্র নিয়েছেন। ইরান সীমান্ত অতিক্রম করে তারা আজারবাইজানে ঢুকতে পারলে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করার প্রস্তুতি আছে।

রাষ্ট্রদূত বলেন, প্রথম পর্যায়ে ২০০ জনের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের আজারবাইজান সীমান্ত পর্যন্ত পৌঁছানোর বিষয়টি সমন্বয় করছে তেহরানে বাংলাদেশ দূতাবাস, ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন; যাদের বেশিরভাগ সেখানে স্থায়ী। এরমধ্যে তেহরানে থাকেন প্রায় ৪০০ জন। তবে আপাতত দেশে ফেরার সম্ভাবনা আছে প্রায় ৩০০ জনের। তাদের দুই ধাপে দেশে ফেরানো হতে পারে।

প্রায় ২০০ জনের প্রথম দলটি ফেরার পর যুদ্ধ পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে দ্বিতীয় ধাপে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ আরও ১০০ জনের ফেরার ব্যবস্থা করা হতে পারে।

আজারবাইজানে বাংলাদেশের দূতাবাস নেই। অন্যদিকে, ঢাকায়ও দেশটির দূতাবাস নেই। ইরানে বাংলাদেশ দূতাবাস আজারবাইজান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এবং দিল্লিতে আজারবাইজান দূতাবাস বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখে থাকে।