১ বছরে ৩ ঈদ

সাধারণত প্রতি বছর মুসলিম সম্প্রদায়ের মানুষ দুটি ঈদ উদযাপন করেন। যা  ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু এমন একটি বছর আসছে, যে বছর তিনবার ঈদ উদযাপনের সুযোগ হবে। জ্যোতির্বিজ্ঞান এবং হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, এমনটাই হতে যাচ্ছে ২০৩৯ সালে। সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানাচ্ছেন ‘আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি, তা চলে সূর্যের গতির ওপর ভিত্তি করে। অন্যদিকে, মুসলিমদের ধর্মীয় উৎসব পালিত হয় হিজরি বর্ষের ওপর ভিত্তি করে। এখানেই সময়ের পার্থক্য তৈরি হয়। সূর্যভিত্তিক ইংরেজি বছর হয় ৩৬৫ বা ৩৬৬ দিনে। কিন্তু চাঁদের ওপর নির্ভরশীল হিজরি বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। অর্থাৎ, ইংরেজি বছরের তুলনায় হিজরি বছর প্রতিবার ১০ থেকে ১১ দিন কমে যায়। এই ১০-১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর ঈদ এবং রমজান মাস ইংরেজি ক্যালেন্ডারের পেছনের দিকে সরে আসে। ২০৩৯ সালের ৬ জানুয়ারি পালিত হবে বছরের প্রথম ঈদুল আজহা। হিজরি ক্যালেন্ডারে দিনটি হবে ১৪৬০ সনের ১০ জিলহজ। অর্থাৎ বছরের শুরুতে কোরবানি ঈদ হবে। এরপর রমজান মাস শেষে ১৯ অক্টোবর হবে ঈদুল ফিতর। বছরের একেবারে শেষ দিকে, অর্থাৎ ২৬ ডিসেম্বর আবারও পালিত হবে ঈদুল আজহা। অর্থাৎ, ২০৩৯ সালে জানুয়ারি মাসে একবার কোরবানি এবং ডিসেম্বর মাসে আবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এর মাঝখানে অক্টোবর মাসে পালিত হবে ঈদুল ফিতর। সব মিলিয়ে এক বছরে হবে ৩ ঈদ।