আটলান্টাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। বায়ার্নের এই দাপুটে জয়ের রাতে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন হ্যারি কেইন।
অ্যালায়েন্স অ্যারেনায়ন গতকাল রাতে ম্যাচের আগে কেইনের গোল সংখ্যা ছিল ৪৮। ২৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল এবং ৫৪ মিনিটে এক দর্শনীয় স্ট্রাইকে নিজের ৫০তম গোলটি পূর্ণ করেন তিনি। মাত্র ৬৬ ম্যাচে এই কীর্তি গড়লেন কেইন, যা লিওনেল মেসির সমান। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে ২৫ ম্যাচ কম লেগছে তার। বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা দ্রুততম খেলোয়াড় আর্লিং হলান্ড (৪৯ ম্যাচ)।
প্রথম লেগে ইতালির মাটিতে ৬-১ ব্যবধানে জেতা বায়ার্নের জন্য এই ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। ২৫ মিনিটে জর্জিও স্কালভিনির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় বায়ার্ন। প্রথম দফায় কেইনের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও তিনি লাইন ছেড়ে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার কোনো ভুল করেননি কেইন।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে কেইনের সেই বিশেষ ৫০তম গোলের পর ৫৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ১৮ বছর বয়সী তরুণ তুর্কি লেনার্ট কার্ল। ৭০ মিনিটে লুইস দিয়াজ বায়ার্নের হয়ে চতুর্থ গোলটি করলে আটলান্টার বিদায় ঘণ্টা বেজে যায়। শেষ দিকে লাজার সামারডজিচ আটলান্টার হয়ে একটি সান্ত্বনার গোল শোধ করেন।
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সামনে এখন বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই ইউরোপীয় জায়ান্টে লড়াইটি হতে যাচ্ছে এবারের আসরের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। কেইন এই মৌসুমে ইতিমধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ গোল করে ফেলেছেন, যা রিয়াল ডিফেন্সের জন্য বড় সতর্কবার্তা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন কি পারবে রিয়াল মাদ্রিদকে থামিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে?